দেশের ফরেন পলিসি আগের চেয়ে অনেক ভালো এবং মর্যাদাপূর্ণ : প্রেস সচিব
দেশের পররাষ্ট্রনীতি (ফরেন পলিসি) আরেকটি দেশের কাছে বর্গা দেওয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। অন্তর্বর্তী সরকারের আমলে সেই ফরেন পলিসি আগের চেয়ে অনেক ভালো এবং মর্যাদাপূর্ণ হয়েছে বলে দাবি করেছেন প্রেস সচিব।
সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এমন মন্তব্য করেন।
প্রেস সচিব বলেন, চীন, জাপান, ইউএস’র সঙ্গে আমাদের সুন্দর সম্পর্ক হয়েছে। ১৮ বছর পর নির্বাচনে পূর্ণাঙ্গ টিম পাঠাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন।
ভারতের গণমাধ্যমের সমালোচনা করে তিনি আরও বলেন, ১৮ মাসে ভারতের সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো না হওয়ার বড় একটি কারণ ছিল ভারতের মিডিয়ার বড় মিস ইনফরমেশন ছড়ানো। শেখ হাসিনা দিনের বেলায় ভালো ভালো কথা বলছেন। কারো কারো সঙ্গে ইমেইলের মাধ্যমে, রাতে নাশকতা সৃষ্টির চেষ্টা করিয়েছেন সেখানে বসে।
প্রশ্নের জবাবে তিনি বলেন, সীমান্ত হত্যা এখনো বন্ধ হয়নি, এটা খুবই দুঃখজনক। তিস্তা ব্যারেজ নিয়ে আমরা কাজ করছি। চায়না একটি ফিজিবিলিটি স্টাডি করছে, এটি সময় সাপেক্ষ।
দেশকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ অনেক চেষ্টা করেছিল নভেম্বরে। বাস পুড়িয়েছে, গির্জায় ককটেল ফাটিয়ে। অনেক টাকা তারা বাইরে নিয়ে গেছে। আর চোরদের কাজ অনলাইনে এসে চিল্লাচিল্লি করা। ওদের মিছিলে কোনো লোক নেই।