উৎসবমুখর আয়োজনে মানিকছড়িতে শুরু শীতকালীন ক্রিকেট টুর্নামেন্ট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬:৪৯ অপরাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১:০৩ পূর্বাহ্ন, ২৮ মে ২০২৬

রাঙামাটি পার্বত্য জেলার মানিকছড়িতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো “শীতকালীন উন্মুক্ত ক্রিকেট টুর্নামেন্ট–২০২৫-২৬”-এর শুভ উদ্বোধন। শনিবার (৬ ডিসেম্বর) বিকাল ৩টায় বিসিক মাঠে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মোঃ হাবীব আজম।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি আসবাবপত্র সমবায় সমিতি লিঃ এর সাধারণ সম্পাদক মোঃ আব্দুল শুকুর, লিজেন্ড স্পোর্টিং ক্লাব সংগঠক ও প্রতিষ্ঠাতা জুয়েল বড়ুয়া, সাপছড়ি ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক গঙ্গাচরণ চাকমা, মানিকছড়ির বিশিষ্ট সমাজসেবক বসির আহম্মদ, এবং তাবাস্সুম এন্ড তাজ এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী মোঃ তুহিন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মানিকছড়ি কাঠ ও জ্বালানি কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোঃ লোকমান হাকিম। সঞ্চালনায় ছিলেন রোজ একাদশের উপদেষ্টা আব্দুল হান্নান।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই অত্র এলাকার কৃতি সন্তান জাহিদুল ইসলাম তালুকদার-এর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

প্রধান অতিথি মোঃ হাবীব আজম বলেন, “মানিকছড়ি অঞ্চলের তরুণ সমাজকে মাদক ও সামাজিক অনাচার থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এ ধরনের টুর্নামেন্ট তরুণদের প্রতিভা বিকাশে সহায়তা করবে। জেলা পরিষদ সবসময় ক্রীড়া উন্নয়নে সহযোগিতা করে আসছে এবং ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে।”

বিশেষ অতিথি মোঃ আব্দুল শুকুর বলেন, “খেলাধুলা মানবিক গুণাবলী বিকাশের অন্যতম মাধ্যম। বিশেষ করে ক্রিকেট গ্রাম-গঞ্জের তরুণদের একত্রিত করছে। এমন আয়োজন অব্যাহত থাকলে মানিকছড়িতে নতুন প্রতিভা উঠে আসবে।”

বিশেষ অতিথি জুয়েল বড়ুয়া বলেন, “আমি দীর্ঘদিন ক্রীড়া সংগঠনের সঙ্গে সম্পৃক্ত। মানিকছড়ির মতো এলাকায় এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়। তরুণদের এগিয়ে নিতে লিজেন্ড স্পোর্টিং ক্লাব সবসময় পাশে থাকবে।”

পরে উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্টের খেলা শুরু হয়। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে বিসিক মাঠে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।