রাবিপ্রবিতে প্রথমবারের মতো জাতীয় ট্যুরিজম কনফারেন্স, রাঙামাটিতে ইতিহাস গড়ার প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১:১৮ অপরাহ্ন, ১৪ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১২:১৫ পূর্বাহ্ন, ২৮ মে ২০২৬


পার্বত্য চট্টগ্রামের পর্যটন সম্ভাবনাকে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে নতুনভাবে উপস্থাপনের লক্ষ্যে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে RMSTU National Tourism Conference 2026। আগামী ১৬ ও ১৭ জানুয়ারি ২০২৬—দুই দিনব্যাপী অনুষ্ঠিতব্য এই সম্মেলনকে কেন্দ্র করে ইতোমধ্যে পাহাড়ি অঞ্চলে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) রাঙামাটি প্রেস ক্লাব সম্মেলন কক্ষে  আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে কনফারেন্সের বিস্তারিত কর্মসূচি ও উদ্দেশ্য তুলে ধরেন রাবিপ্রবি কর্তৃপক্ষ। অনুষ্ঠানে জানানো হয়, রাবিপ্রবি’র ১২ বছরের পথচলায় এটি একটি ঐতিহাসিক মাইলফলক, যা শুধু বিশ্ববিদ্যালয় নয়-গোটা পার্বত্য অঞ্চলের জন্যও একটি নতুন দিগন্তের সূচনা।

এবারের কনফারেন্সের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “Tourism Tomorrow: Nature's Next Fleck to Explore”।

এই প্রতিপাদ্যকে সামনে রেখে সম্মেলনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান থেকে ৭০ জনেরও বেশি গবেষক তাদের গবেষণাপত্র উপস্থাপন করবেন।

সম্মেলনের প্রথম দিন ১৬ জানুয়ারি দুপুর আড়াইটায় রাবিপ্রবি ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান।

কনফারেন্সের প্লেনারি সেশনে বক্তব্য রাখবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মোঃ কামরুল হাসান,

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. এম. ফরিদুল ইসলাম,

বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের মেরিটাইম ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ড. মোঃ সাইফুল ইসলাম।

প্রথম দিনের স্বাগত বক্তব্য প্রদান করবেন রাবিপ্রবি’র ব্যবসায় অনুষদের ডিন ও কনফারেন্সের সভাপতি ড. মুহাম্মদ রহিম উদ্দিন। Vote of Thanks দেবেন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ও কো-চেয়ার মোসা. হাবিবা। আর সমাপনী বক্তব্য রাখবেন কনফারেন্সের সদস্য-সচিব ও সহকারী অধ্যাপক জি এম সেলিম আহমেদ।

কনফারেন্সের দ্বিতীয় দিন ১৭ জানুয়ারি সকাল ৯টা থেকে অনুষ্ঠিত হবে কী-নোট স্পিচ, ওরাল প্রেজেন্টেশন, পোস্টার প্রেজেন্টেশন এবং সমাপনী অনুষ্ঠান।

মিট দ্য প্রেসে জানানো হয়, এই আন্তর্জাতিক মানের আয়োজনের মূল আয়োজক রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হলেও সহযোগী আয়োজক হিসেবে যুক্ত হয়েছে Bangladesh Tourism Board।

রাবিপ্রবি কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন, এই কনফারেন্সের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের পর্যটন সম্ভাবনা গবেষণা ও নীতিনির্ধারণী পর্যায়ে নতুন গুরুত্ব পাবে এবং টেকসই পর্যটন উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।

নতুন বাংলাদেশের অভিযাত্রায় পাহাড়কে বিশ্ব দরবারে নতুন আঙ্গিকে তুলে ধরতে রাবিপ্রবি ও গণমাধ্যম একসাথে কাজ করবে-এমন প্রত্যাশা ব্যক্ত করে মিট দ্য প্রেসের সমাপ্তি ঘোষণা করা হয়।