উখিয়ায় যৌথ অভিযানে অস্ত্র-গোলাবারুদসহ শীর্ষ সন্ত্রাসী আটক

কক্সবাজার
কক্সবাজার কক্সবাজার
প্রকাশিত: ১:৫২ অপরাহ্ন, ১১ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১:০২ পূর্বাহ্ন, ২৮ মে ২০২৬
কক্সবাজারের উখিয়া উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এক বিশেষ যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ স্থানীয় চিহ্নিত শীর্ষ সন্ত্রাসীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সময় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার বালুখালী ১ নম্বর ওয়ার্ড এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে স্থানীয়ভাবে পরিচিত সন্ত্রাসী ও মাদক কারবারি জুলু ডাকাতের পুত্র আমিন, তার দেহরক্ষী জানে আলম এবং আরও এক বাঙালিকে আটক করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড, অস্ত্র প্রদর্শন ও অপরাধমূলক কার্যকলাপের মাধ্যমে জননিরাপত্তা বিঘ্নিত করে আসছিল।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন–২০২৬কে কেন্দ্র করে স্থানীয় চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার ও অপতৎপরতা দমনের লক্ষ্যেই এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এ সময় ঘটনাস্থল থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি একে–২২ রাইফেল, ১টি দেশীয় পিস্তল, ২টি একনলা বন্দুক, ২টি দেশীয় ধারালো অস্ত্র, ১টি পিস্তল ম্যাগাজিন, ২টি রাইফেল ম্যাগাজিন, ৪ রাউন্ড পিস্তলের গুলি, ৮৯ রাউন্ড রাইফেলের গুলি, ২টি কার্তুজ এবং ২টি ওয়াকি-টকি সেট উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত অস্ত্র-গোলাবারুদসহ উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, জননিরাপত্তা, আইনশৃঙ্খলা ও জাতীয় নিরাপত্তা রক্ষায় তারা সর্বদা অঙ্গীকারবদ্ধ। সন্ত্রাস, নাশকতা ও অপরাধ দমনে এ ধরনের সমন্বিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।